
কলকাতা: রাজ্যের আপত্তি। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে মূল অভিযুক্ত বাবান যাদবের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলায় জামিন খারিজের পাশাপাশি, নিম্ন আদালতকে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।
২০১৭ সালের ২১ নভেম্বর মনোজ উপাধ্যায়কে গুলি করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে সিআইডি। এরপর উত্তর প্রদেশের ফিরোজাবাদ থেকে রাজু কুমার শা, বাবান যাদব এবং প্রভু নারায়ণ চৌধুরী নামে তিনজনকে গ্রেফতার করেন গোয়েন্দা আধিকারিকরা। যাদের মধ্যে অন্যতম বাবান অন্যতম মূল অভিযুক্ত বলে এদিন আদালতে দাবি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেবব্রত চট্টোপাধ্যায়।
বাবানের জামিনের আবেদনের বিরোধিতা জানিয়ে দেবব্রত বলেন, “নিম্ন আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শেষের দিকে। এই অবস্থায় অভিযুক্ত জামিন পেয়ে গেলে বিচারে তার প্রভাব পড়বে। কারণ সে এলাকার দুর্দণ্ডপ্রতাপ দুষ্কৃতী।” এদিন অভিযুক্ত বাবান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খুনের ঘটনার প্রত্যক্ষদর্শীরাও আদালতে তাঁকে সনাক্ত করেন। তদন্তকারীরা তার তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে বলে জানান এপিপি।