
কলকাতা: ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর আবার খুন ধর্ষণ মামলায় ফাঁসির সাজা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) হুগলির এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা বহাল রাখল। এর আগে নিম্ন আদালত ওই অভিযুক্তেকে ফাঁসির সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় অভিযুক্ত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদিন সেই সাজা বহাল রাখে। তবে তার সুপ্রিম কোর্টে আবেদনের জন্য ৩ মাস এই রায় কার্যকর স্থগিত রাখেছে আদালত।
মামলার প্রেক্ষাপট
২০২৪ সালের ২৪ নভেম্বর হুগলির গুড়াপে এক পাঁচ বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশু। বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডাকেন প্রতিবেশীদেরও। সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়েই অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। ডাঁই করে রাখা কাঠের নিচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। এরপরেই অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ঘটনায় ২০২৫ সালে হুগলির পকসো আদালত ২৭ জনের সাক্ষ্য গ্রহণ-সহ গোটা বিচারপ্রক্রিয়া শেষ করে। তারপর অভিযুক্তের ফাঁসির সাজা শোনান বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। ২০২৫-এর পর ফের এই মামলা কলকাতা হাইকোর্টে উঠে আসে। এক বছরের বেশি সময় ধরে এই মামলা শোনে দুই বিচারপতির ডিভিশন বেঞ্জ। তারপর ফাঁসির সাজা বহাল রাখে কোর্ট।
আইনজীবীরা কী বললেন?
আইনজীবী বলেন, “অভিযুক্ত অশোক সিংয়ের বয়স ৫০। গুড়াপে এর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ছিল। সে মদ খেয়ে মহিলাদের অশালীন আচরণ করে। এরপর ৫ বছরের মেয়েকে ধর্ষণ ও খুন করে সে। মা-বাবা মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় অশোকের বাড়িতে দেখতে পান। ময়নাতদন্তের রিপোর্টে হাড়হিম ঘটনা সামনে আসে। দেখা যায় শিশুটিকে বারেবারে দেওয়ালে ছুড়ে-ছুড়ে মারা হয়। এরপর পকসো আদালত ফাঁসির সাজা দেয়।”