
কলকাতা: সরকারি কর্মচারীরা নবান্ন অবধি মিছিল করতে চেয়ে আদালতে গিয়েছিলেন আগেই। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সেই মিছিলে অনুমতিও দেয়। বুধবার সেই অনুমতি মিলতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবার এই মিছিল। তবে র্যালি নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হবে।
ডিভিশন বেঞ্চে সরকারি কর্মীদের আইনজীবীরা আসেননি এদিন। ইমেল মারফত তাঁদের কপি দিতে নির্দেশ দেয় কোর্ট। তাঁদের বক্তব্য শুনতে চায় আদালত। রাজ্যের তরফে বলা হয়, মিছিলে তারা কোনও বাধা দিচ্ছে না। মিছিল অন্য রুটে করার আবেদন করছে মাত্র।
এজি কিশোর দত্ত এদিন বলেন, ১৫০০ মানুষ একটি লেনের মধ্যে যাওয়া মানে তো সমস্যা হবে। ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, ওই জায়গায় ১৪৪ ধারা কবে কার্যকর হয়? রাজ্য জানায়, সবসময়ই থাকে। হাই সিকিউরিটি জ়োন।
বিচারপতি বলেন, শর্ত আরোপ করা যায়। কিন্তু র্যালি কি বন্ধ করা যায়? এর আগে সভা হয়েছিল। আদালতের অনুমতিতে হয়। ফুটপাথ আছে কি না তাও জানতে চান বিচারপতি। রাজ্য জানায়, এর আগে কোনও জমায়েত হয়নি। বিচারপতি ট্য়ান্ডন বলেন, ওনারা স্লোগান দেবেন না। যেটা মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ র্যালি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।