Calcutta High Court: কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল?

Calcutta High Court on Police constable recruitment exam: ২০২৪ সালের এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা হয় ২০২৫ সালে। সেই পরীক্ষার ফলাফল বেরোয় গত বছরের ২৯ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই নম্বরহীন তালিকাকেই চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট।

Calcutta High Court: কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল?
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 11, 2026 | 2:17 PM

কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।ইন্টারভিউ প্রক্রিয়ার আগে প্রকাশ করতে হবে তালিকা। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ দিলেন বিচারপতি।

২০২৪ সালের এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা হয় ২০২৫ সালে। সেই পরীক্ষার ফলাফল বেরোয় গত বছরের ২৯ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই নম্বরহীন তালিকাকেই চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট।

অন্য একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিল হাইকোর্ট। রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপে গন্ডগোল হয়েছিল। মামলাকারীদের অভিযোগ, তাঁদের দাবি মতো রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তাঁরা আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারবেন তাঁরা। সেই আবেদন বিবেচনা করতেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, তা বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।

জানা গিয়েছে, ২০২৪ সালের রুল অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা ছিল আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিনদের। কিন্তু অভিযোগ, চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপের গন্ডগোলের জেরে ইন্টারভিউ তালিকা থেকে ছিটকে যান ১৫ জন পরীক্ষার্থী।

আবেদনকারীদের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক উল্লেখ করেন, উচ্চতার যে মাপকাঠি সেখানে কোনও গন্ডগোল থাকতে পারে বলে আশঙ্কা তাঁদের। তাঁদের দাবি, উচ্চতা বাড়তে ছাড়া কমতে তো পারে না। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।