
কলকাতা: কয়লাকাণ্ডে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ।
সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার। ২০২২ সালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
কয়লা পাচার মামলায় ২০২২ সালের মে মাসে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা হাইবার আখান নামে এক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর ওই বছরেরই ২৭ মে FIR করেন ওই ব্যক্তি। ১৩ টি ধারায় মামলা রুজু হয়। তদন্তভার হাতে নেয় সিআইডি।
FIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। FIR এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। চলতে থাকে শুনানি। সোমবার সেই মামলার রায়দান করলেন বিচারপতি উদয় কুমার।
প্রসঙ্গত, উমেশ কুমার কয়লা পাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার হিসাবে কাজ করেছেন এবং মামলাটির নথিপত্র, লালার সিন্ডিকেট এবং অন্যান্য অভিযুক্তদের বিষয়ে সিবিআই তদন্তের নেতৃত্ব দিয়েছেন। তিনি এবং তার দল কয়লা পাচার কাণ্ডে ইসিএল কর্তা এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার চার্জ গঠন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। ২০২২ সালের জুন মাসে উমেশ কুমারের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।