
কলকাতা: তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে দায়ের করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবীর দ্রুত শুনানির আর্জি স্পষ্টভাবে খারিজ করে দেন।
এ দিন আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির দৃষ্টি আকর্ষণ করে জানান, মামলাটি আগামী ডিসেম্বর মাসে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অথচ প্রতিদিন সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নানা খবর প্রকাশিত হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত শুনানি না হলে মামলাটি অবকাশকালীন বেঞ্চে পাঠানোর আবেদন জানান তিনি।
তবে এই আর্জিতে সায় দেয়নি হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়, যে চাইলেই সব মামলা সেখানে পাঠিয়ে দেওয়া যাবে।” আদালত জানিয়েছে, এর আগে মামলাটি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনেছিল এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চ ঘুরে এই আদালতে এসেছে। তাই বর্তমান পরিস্থিতিতে এই মামলার দ্রুত শুনানি কোনওভাবেই সম্ভব নয়। ফলত, নির্ধারিত সময়েই মামলার শুনানি হবে বলে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।