CM Mamata Banerjee: ‘গ্যাস শেষ হয়ে গেলে ২১ দিন খাবে কী?’, দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাতি-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার

Gas Price Hike: ধরনা মঞ্চ থেকেই মমতা বলেন, “কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।”

CM Mamata Banerjee: ‘গ্যাস শেষ হয়ে গেলে ২১ দিন খাবে কী?’, দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাতি-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার
প্রতিবাদে মমতা Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Mar 07, 2026 | 11:58 AM

কলকাতা: মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে ফের সুর চড়ালেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সুর চড়ালেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ধরনা। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তোপের পর তোপ দাগতে দেখা গেল মমতাকে। রীতিমতো হুঙ্কারের সুরে বললেন, “গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার আগে তিনদিন আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে। বলছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে।” এরপরই একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষের?”  

দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে ফের একবার রাস্তাতেও নামতে চলেছেন মমতা। ধরনা মঞ্চ থেকে সেই ঘোষণাও করেন। মিছিল হবে একেবারে হাতা-খুন্তি নিয়ে। সমাজ সবস্তরের মহিলাদের মিছিলে আহ্বানও জানাতে দেখা তাঁকে। 

ধরনা মঞ্চ থেকেই মমতা বলেন, “কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আর হাতে এইসব রাখবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা আনাজও ঝুড়িতে আনবেন।”  

প্রসঙ্গত, এদিন নতুন করে দাম বাড়ার পর থেকে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে দিতে হবে ৯৩৯ টাকা। অন্যদিকে হোটেল, রেস্তরাঁর রান্নায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম হবে ১ হাজার ৯৯০ টাকা।