Suvendu Adhikari: ‘বাইরে থাকলে তো হিসাব হবে’, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে ছোঁড়া বলে শুভেন্দুর আল্টিমেটাম

Suvendu Adhikari ultimatum to Abhishek Banerjee: রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে কেন আর তাঁর কেন্দ্রে দেখা যায় না, তা নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, "৪ মের পর ডায়মন্ড হারবার গিয়েছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার (ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক) নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি-কে।"

Suvendu Adhikari: বাইরে থাকলে তো হিসাব হবে, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে ছোঁড়া বলে শুভেন্দুর আল্টিমেটাম
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 22, 2026 | 5:03 PM

কলকাতা: একত্রিশ সালে সব হিসাব হবে। অবৈধ নির্মাণের অভিযোগে প্রশাসন আমতলায় তাঁর কার্যালয় ভাঙা শুরু করতেই হুঁশিয়ারি দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল শহিদ দিবসের মঞ্চ থেকেও একই হুঁশিয়ারি দেন তিনি। এবার বিধানসভায় দাঁড়িয়ে ‘ভাইপো’-কে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “তুমি বাইরে থাকলে তো হিসাব হবে।”

কী বললেন শুভেন্দু অধিকারী?

এদিন বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের উপরে আলোচনায় জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই নাম না করে অভিষেককে নিশানা করেন। তৃণমূলের শহিদ দিবস নিয়ে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে তো শহিদ দিবস হয়নি। কেউ বলছে, ভাইপো প্যারাসুটে নেমেছে। আর ভাইপো বলছে, নোট-খাতা খুলে রাখো, একত্রিশে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে।”

রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে কেন আর তাঁর কেন্দ্রে দেখা যায় না, তা নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “৪ মের পর ডায়মন্ড হারবার গিয়েছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার (ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক) নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি-কে।”

ফলতাতে পুনর্নির্বাচনে অভিষেকের প্রচারে না যাওয়া নিয়েও কটাক্ষ করে শুভেন্দু বলেন, “আপনি এমপি। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গরুর গাড়ির হেটলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন। নিজেকে পুষ্পা বলছিলেন। আপনি কি সেখানে প্রচারে গিয়েছিলেন?” ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে পুলিশ গ্রেফতার করেছে। সেকথা স্মরণ করিয়ে অভিষেককে ছোঁড়া বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, “ওই ছোঁড়াকে বলে গেলাম, প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কী বাইরে থাকবেন, ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। আপনি যত ভোটে জিতেছেন, তত ভোটে হারাব। আপনার অবস্থা পুষ্পার চেয়েও খারাপ হবে।” প্রসঙ্গত, গতকালও শুভেন্দু বলেছিলেন, “ওকে আমি কাউন্টার করব না। ও অনেক বড়-বড় কথা বলে। তবে একটাই কথা বলব, ওঁর বাপের নাম যদি ঠিক থাকে, তাহলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে।”

গতকাল কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে ভিড় নিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বিড়লা তারামণ্ডলে ওইটুকু জায়গায় কত লোক হয়েছে? পুলিশ রিপোর্ট দিয়েছে। আড়াই হাজারের একটু বেশি হয়েছে।” মমতা অভিষেককে বাঘ বলে উল্লেখ করেছেন। এদিন তা নিয়েও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওটা বাঘ না বিড়াল। ফলতায় একবার দেখেছেন। যত চুরি-ডাকাতি করেছেন, গর্ত খুঁড়ে বের করব। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।”

Follow Us