
কলকাতা: মাইকিং করা শুরু হয়েছিল। আর সে সময়েই হুড়োহুড়ি পড়ে যায়। দায়িত্বে থাকা ACP রিপোর্ট করেছেন নবান্নে। চোরবাগান সর্বজনীনের পুজো পদপিষ্টের ঘটনার পর TV9 বাংলার ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভলি ফোনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এসিপি যিনি দায়িত্বে ছিলেন, তাঁর থেকে খবর পেয়েছি, মাইকে ঘোষণা করে দেওয়ার ফলেই হুড়োহুড়ি পড়ে যায়। আমি ৮টা ২০তে খবর পেয়েছি।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ জনের মৃত্যু, ২৫ জন আহত, তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন, “পুজো বন্ধ করে STF, ফরেনসিক, দমকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা প্রাথমিক তদন্ত করছে।” শহরের বড় পুজোগুলোর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “খুব ভিড় হচ্ছে, থিম পুজো, ভিতরে আলো নেই, প্যাসেজ সরু, এগুলো দেখে নেওয়া হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী সহ সব মন্ত্রী, বিধায়কদের কর্মসূচি বন্ধ রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। চোরবাগানের পদপিষ্টের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, “এখনই খতিয়ে দেখা হচ্ছে। সব জায়গায় দমকল পুলিশ খতিয়ে দেখছে। দরকার হলে নিরাপত্তার ত্রুটি থাকলে, তা মুক্ত করে প্যান্ডেল খোলা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। সিসিটিভি ফুটেজ আনানো হচ্ছে। আমাদের দক্ষ লোক রয়েছে, তৎপরতার সঙ্গে কাজ করছেন।” মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। পরিবারগুলোর পাশে রয়েছে সরকার। নিহতদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে দেখা করবেন বলে জানিয়েছেন।