
কলকাতা: সন্ধ্যা ৭টা ৪০ মিনিট! সেই সময়েই দুর্ঘটনা। হঠাৎ বৃষ্টি। আর চোরবাগান সর্বজনীন পুজোর প্যান্ডেলে গাদাগাদি ভিড়। ঠিক কী হয়েছিল? বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, “কয়েকবার হুইসেল বাজানোর পর পরিস্থিতির সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সমীচীন নয়।”
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান সাংসদ শমীক। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত ACP-র প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার ঘোষণা এবং কয়েকবার হুইসেল বাজানোর পর পরিস্থিতির সূত্রপাত হয়েছে।
পুজো কমিটির সদস্য ও নিরাপত্তা সংস্থার কর্মীদের আটক করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার এবং তাঁদের প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পর পোস্ট করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন। পোস্ট হলে তিনি বলেন, “নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই প্রার্থনা জানাই। এই কঠিন সময়ে শোকস্তব্ধ পরিবারগুলো যেন এই বিশাল শোক সহ্য করার মতো মানসিক শক্তি পান।প্রশাসন ও সাধারণ মানুষ মিলে এই বিপদ কাটিয়ে উঠতে সর্বাত্মক সাহায্য করুক—এটাই আমাদের কাম্য।”