
কলকাতা: সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদহের শিক্ষক। তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এবার মালদহের ওই শিক্ষকের কাজ নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানালেন, এই সরকার কোনওভাবে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না।
মালদহের চাঁচলের সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহের ওই ঘটনা নিয়ে বলেন, “সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে চাকরিও যাবে। মা সরস্বতী শুধু হিন্দুদের বিদ্যার দেবী নয়, তাকে শিক্ষার দেবী হিসাবে পূজিত করা হয়। এখানে যদি কমিউন্যাল অ্যাঙ্গেল আনার চেষ্টা করেন, মা সরস্বতীকে অপমান করেন, ছাড়ব না কিন্তু।”
তিনি আরও বলেন, “এর আগে মকবুল ফিদা হোসেন করেছিলেন, তখন সিপিএমের সরকার ছিল, তাই বেঁচে গিয়েছেন। আমি থাকলে তখন তাঁকে ধরে ঢুকিয়ে দিতাম। এখন যে শিক্ষক করেছেন, আমি মুখ্যমন্ত্রী, কোনওভাবে বরদাস্ত করব না। এখানে দেবদেবীর অপমান করলে, ছাড়া হবে না।”