
কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের হওয়া একটি পুরনো মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে মামলা প্রত্যাহারের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পর বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির নিষ্পত্তি করে দেন। এর ফলে দীর্ঘ চার বছরের আইনি টানাপোড়েনের অবসান ঘটল।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর-কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল। পরবর্তীতে ২০২৫ সালে ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই সময় মামলার শুনানি শেষে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে অন্তর্বর্তীকালীন আইনি রক্ষাকবচ দিয়েছিলেন।
শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের এজলাসে মামলাটির শুনানি ছিল। শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আদালতে একটি ফাইনাল রিপোর্ট পেশ করা হয়। ওই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ২০২২ সালের সাঁকরাইল থানার মামলাটি রাজ্য সরকার প্রত্যাহার করে নিচ্ছে। রাজ্যের এই অবস্থান জানার পরই বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করেন।