
কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার এ রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক মুখ্য কার্যালয় কেশব ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকাকালীন আরএসএস ও বিজেপির সমন্বয় বৈঠকে একাধিকবার গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম কেশব ভবনে যাওয়া শুভেন্দু অধিকারীর।
সংঘের এই কার্যালয়ে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। সন্ধ্যা ৬.৫২ মিনিটে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টা আড়াই ছিলেন। ৯.১৯ মিনিটে বেরিয়ে যান তিনি। নৈশ ভোজের আমন্ত্রণেই মুখ্যমন্ত্রীর যাওয়া বলে সূত্রের দাবি।
রাজ্যের একাধিক বিষয় নিয়েও কথা হয়েছে দু’পক্ষের। বিজেপি ও আরএসএস মধ্যে মাঝেমধ্যেই সমন্বয় বৈঠকে হয়। তবে মুখ্যমন্ত্রীর রবিবার সঙ্ঘ কার্যালয়ে যাওয়া অর্থবহ বলেও মত অনেকের। রবিবার বিকেলে লোকসেনানী সম্মান প্রদান করে রাজ্য সরকার। সেই সম্মান প্রাপকদের মধ্যে অনেকেই সঙ্ঘ এর সঙ্গে যুক্ত ছিলেন অথবা আছেন।
রাজ্যে দীর্ঘদিন জেলায় জেলায় নিচুতলার বিজেপির সংগঠন বাড়াতে কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আর বিজেপি এখন রাজ্যে ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বিকেলে বলেছিলেন, সরকারের প্রয়োজন রয়েছে সঙ্ঘের পরামর্শ। সঙ্ঘের প্রবীণ প্রচারক ও স্বয়ংসেবকদের সাথে যোগাযোগ রাখেন ও আগামীতে রাখবেন, বলেছেন শুভেন্দু। তার মাঝেই কেশব ভবনে নৈশভোজে মুখ্যমন্ত্রীর যাওয়া বাড়তি মাত্রা যোগ করল বলেই আলোচনা রাজনৈতিক বিশ্লেষকদের।