
কলকাতা: শিক্ষাঙ্গনে সঙ্ঘের ছায়া এবার। রাজ্যের ৩৪০টি কলেজে পরিচালন সমিতির সদস্য পাঠানো হল। তাতে দেখা গেল, অধিকাংশ কলেজের পরিচালন সমিতিতে সঙ্ঘের সদস্যদেরই মনোনীত করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কোন কলেজে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে?
সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসনিক ও নিয়ম) আইন ২০১৭ (West Bengal Universities and Colleges (Administration and Regulation) Act, 2017)-এর অধীনে রাজ্যের কলেজগুলির গভর্নিং বডিতে (Governing Body) রাজ্য সরকারের নমিনি হিসাবে কয়েকজনকে মনোনীত করেছেন রাজ্যপাল। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
জানা গিয়েছে, প্রত্যেক কলেজে দুইজন করে সদস্য নির্বাচন করা হয়েছে পরিচালন সমিতি বা গভর্নিং বডির জন্য। এবিভিপি (ABVP) তমলুকেরর প্রমুখকে করা হয়েছে পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজের সদস্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য সায়ন পণ্ডাকেও সীতানন্দ কলেজের নমিনি করা হয়েছে।
গাইঘাটার গোবরডাঙা হিন্দু কলেজের সদস্য হয়েছেন যুব বিজেপির মুখপাত্র অচিন্ত্য মণ্ডল। ভৈরব গাঙ্গুলি কলেজে সরকারি নমিনি হলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী। নীলাঞ্জন দাস বিজেপির জেলা সাধারণ সম্পাদক। তাঁকে মালদহ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। খড়গপুর কলেজে যুব বিজেপির কনভেনর সৌরীন গোস্বামীকে নমিনি করা হয়েছে।
বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে নমিনি করা হয়েছে স্বপন মুখোপাধ্যায়কে। তিনি বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। পাঁচমুড়া মহাবিদ্যালয়ের গভর্নিং বডিতে নমিনি করা হয়েছে প্রণব কুসুম মাহাতোকে, তিনি এবিভিপি দক্ষিণবঙ্গের সহ সম্পাদক।
অন্যদিকে, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ের নমিনি হয়েছেন বাণীব্রত চট্টোপাধ্যায়। তিনি এবিভিপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রমূখ।
প্রসঙ্গত, তৃণমূল আমলে কলেজের গভর্নিং বডির সরকারি সদস্য হতেন তৃণমূলের ছাত্র পরিষদের (TMCP) নেতারা। পালাবদলের পর রাজ্যের কলেজেও সেই একই ধারা রইল। এর আগে বিজেপি নেতারা পরিচালন সমিতির সভাপতি হয়েছিলেন। ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতির অধিকাংশই রাজ্যের মন্ত্রী, বিজেপি বিধায়ক বা সাংসদ। তালিকায় নাম রয়েছে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ অনেকের।