
হরিদেবপুর: গোঘাটের পর এবার হরিদেবপুর। ভরদুপুরে পাল্টে গেল পার্টি অফিসের রং। নেতাজি পল্লী এলাকার ঘটনা। সোমবার দুপুর ২টোয় সিপিএমের নেতারা দলীয় কার্যালয়ে গিয়ে দেখেন, অফিসের দেওয়ালে গেরুয়া রং। দরজায় লাগানো নতুন তালা। সিপিএম সমর্থকরা ওই তালা ভেঙে ভিতরে ঢুকে গেরুয়া রং মুছে দেয়। বিজেপির পতাকা সরিয়ে আবার লাগানো হয় সিপিএমের পতাকা।
অভিযোগ, এদিন সকাল সাড়ে ১১টায় দখল হয় পার্টি অফিস। আলমারি ভেঙে কাগজপত্র ও কিছু টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সিপিএমের। লেলিনের ছবি ফেলে দেওয়া হয়েছে পুকুরে। খবর দেওয়া হয় হরিদেব থানায়।
রবিবারই গোঘাটে সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের ছবি সামনে আসে। এক নম্বর এরিয়া কমিটির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার পর সোমবারও অফিসের ভিতরের পরিস্থিতি বদলায়নি। এখনও লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে পার্টি অফিসের বিভিন্ন অংশ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা ইটের টুকরো সহ ভেঙে দেওয়া শহিদ বেদী।
সোমবার হরিদেবপুরের ঘটনায় বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বিজেপির কোনও কার্যকর্তা এই কাজ করবে না, কারণ বিজেপি এইসব বিশ্বাস করে না। বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে অনেক পার্টি অফিস করতে চাইলে অনেক খালি জায়গায় রয়েছে। আমাদের উচ্চ নেতৃত্ব বলে দিয়েছে কোনও পার্টি অফিস কোনও জায়গা দখল করা যাবে না।”