CRPF: ভোটবঙ্গে এমনও কাণ্ড! ঘরে শুয়ে মহিলা, আচমকাই ‘প্রাইভেট পার্টে হাত’, পায়ে পড়ে ক্ষমা চাওয়ার আবেদন CRPF জওয়ানের!
CRPF: এর আগেই ভোটের প্রথম দফাতেই এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তাঁকে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। উলুবেড়িয়াতেও একই অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: এবারের নির্বাচনের প্রথম থেকে অভিযোগটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। চিৎপুরে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযোগ, ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করেন। চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।
জানা যাচ্ছে, অভিযুক্ত সিআরপিএফ জওয়ান শেষ দফার নির্বাচনে বারুইপুরে কর্তব্যরত ছিলেন। তিনি চিৎপুরে ডিউটি সেরে ফেলেন। অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় পাইকপাড়া এলাকায় ঘুরছিলেন তিনি। পাইকপাড়া এলাকাতেই এক বাড়িতে দরজা খুলে অতর্কিতে ঢুকে পড়েন। সে সময়ে ঘরে সেই মহিলা বিছানায় ঘুমোচ্ছিলেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ।
মহিলার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে চলে আসেন। ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত জওয়ান হাত জোড় করে ক্ষমা চাইছেন। ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, “তোমাকে কীভাবে ক্ষমা করব। অপরাধ করেছো। আমারে প্রাইভেট পার্টে হাত দিয়েছো।” (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) ওই জওয়ানকে পায়ে পড়ে ক্ষমা চাওয়ার আবেদন করতেও দেখা যায়। বলতে শোনা যায়, এটা তাঁর চাকরির ব্যাপার, যেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়। এরপর চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে আটক করে পুলিশ।
এর আগেই ভোটের প্রথম দফাতেই এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তাঁকে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। উলুবেড়িয়াতেও একই অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “অবাক হওয়ার নেই। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিজেপিকে ভোট দিতে বলছে, গুলি করে মেরে দিচ্ছে. মেয়েদের শারীরিক নির্যাতন করছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
