LPG Cylinder: কতদিন পর আবার গ্যাস বুকিং করতে পারবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে নতুন নিয়ম জেনে নিন

LPG Cylinder booking: গত সাত দিন ধরে ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় তেলের জাহাজ। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে ৩০ দিন তেল কেনার কথা জানিয়েছে আমেরিকা। এর ফলে পেট্রল ডিজেলের সমস্যা আপাতত মিটবে। তবে রান্নার গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে।

LPG Cylinder: কতদিন পর আবার গ্যাস বুকিং করতে পারবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে নতুন নিয়ম জেনে নিন
ফাইল ফোটোImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 06, 2026 | 9:24 PM

কলকাতা: মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে ভারতে অপরিশোধিত তেল, LPG আমদানিতে টান পড়েছে। দেশে রান্নার গ্যাসের জোগান নিয়ে আশঙ্কা বাড়ছে। এই আবহে পরিস্থিতি সামলাতে বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পেট্রোলিয়াম মন্ত্রক। একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে।

ইন্ডিয়ান ও এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউশনের পশ্চিমবঙ্গের মুখপাত্র বিজন বিশ্বাস বললেন, কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অপরিশোধিত তেল ছাড়াও গ্যাসের জাহাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আটকে রয়েছে। এই পরিস্থিতিতে একটি সিলিন্ডার বুকিংয়ের পর দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য ২১ দিন গ্রাহককে অপেক্ষা করতে হবে। অর্থাৎ একটি গ্যাসে কমপক্ষে ২১ দিন চালাতেই হবে গৃহস্থকে। বিজন বিশ্বাস জানালেন, ইন্ডিয়ান অয়েলের এখনও দশদিনের স্টক আছে। তবে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর এখনই বিধিনিষেধ জারি করা হয়েছে।

গত সাত দিন ধরে ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় তেলের জাহাজ। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে ৩০ দিন তেল কেনার কথা জানিয়েছে আমেরিকা। এর ফলে পেট্রল ডিজেলের সমস্যা আপাতত মিটবে। তবে রান্নার গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে। এই আবহেই পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল, দুটি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত ২১ দিন অন্তর থাকতে হবে।

প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি যদি আরও বৃহৎ আকার নেয়, তখন ভারতে গ্যাস সরবরাহ কীভাবে হবে? সেক্ষেত্রে কী পদক্ষেপ করবে ভারত?