AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Akvan: দুপুরের আগেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় আকভান, বৃষ্টিতে ভিজছে বাংলাও

Heavy Rain Alert in South Bengal: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। প্রবল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে কেটে রাখা পাকা ধান। বৃষ্টি-হাওয়ায় নুয়ে পড়ছে পাকা ধান গাছও। এর ফলে চালের উৎপাদন মার খাওয়ার আশঙ্কা। শীতকালীন সবজি মাঠেই পচার ভয়। ফের দাম বাড়তে পারে সবজি-লঙ্কার। মাটি ভিজে যাওয়ায় আরও পিছোচ্ছে আলু চাষ। চলতি মরশুমে আলুর ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা।

Cyclone Akvan: দুপুরের আগেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় আকভান, বৃষ্টিতে ভিজছে বাংলাও
ফাইল ফোটোImage Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 7:28 AM
Share

কলকাতা: শেষবেলায় নিজের গতি বাড়িয়েছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। শুক্রবার দুপুরের আগেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে ওড়িশার গোপালপুরের উপকূলে ঘূর্ণিঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। তবে তীব্র নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে আকভান। ঘণ্টায় ৯০ কিমি গতিতে ঝড়ের আশঙ্কা ওড়িশায়। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। পুরীতে এদিনও বন্ধ থাকছে সমুদ্রসৈকত। এদিকে, আকভানের প্রভাবে বাংলায়ও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ থাকবে।

আকভানের প্রভাবে ভিজছে বাংলা-

ঘূর্ণিঝড় আকভান ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে বাংলায়। বাংলায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, সময় যত এগোবে, তত বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা একাধিক এলাকা। এদিন ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়। উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর বৃষ্টি কমলেও সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা ও শহরতলিতে ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শহর, শহরতলির নিচু এলাকায় জল জমার আশঙ্কা। প্রয়োজনে আন্ডারপাস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরে।

এদিকে, ঘূর্ণিঝড় কাটলেই ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দ্রুত কমবে রাতের তাপমাত্রা। শীত এখনই না এলেও বাড়বে ঠান্ডার আমেজ। ঠান্ডার আমেজ বাড়বে উত্তরের সমতলেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত চাষিরা-

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। প্রবল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে কেটে রাখা পাকা ধান। বৃষ্টি-হাওয়ায় নুয়ে পড়ছে পাকা ধান গাছও। এর ফলে চালের উৎপাদন মার খাওয়ার আশঙ্কা। শীতকালীন সবজি মাঠেই পচার ভয়। ফের দাম বাড়তে পারে সবজি-লঙ্কার। মাটি ভিজে যাওয়ায় আরও পিছোচ্ছে আলু চাষ। চলতি মরশুমে আলুর ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা।

পূর্ব মেদিনীপুরে সতর্কতা-

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। ২৫টি ব্লক ও চার মহকুমাশাসককে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, “জেলার ২৫টি ব্লক ও চার মহকুমাশাসককে আমরা প্রস্তুত থাকতে বলেছি। উদ্ধারের জন্য দল ও রিলিফ এবং সেন্টার প্রস্তুত রয়েছে। সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ায় ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া ভালো হলেই যাবেন সমুদ্রে। দিঘার সৈকতে চলছে মাইকিং, যাতে কোনও পর্যটক সমুদ্রে না নামতে পারেন।”

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি, সতর্ক প্রশাসন-

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বুধবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। আকাশ কালো মেঘে ঢেকেছে। সুন্দরবন উপকূলে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মোতায়েন রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সৈকতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং চলছে। অন্যদিকে, টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে। ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Follow Us