Cyclone Akvan Weather Update: বৃষ্টি থামবে না, বরং আজ রাত থেকে আরও খারাপ হবে পরিস্থিতি! শুক্রে ল্যান্ডফল হলেই…, জেলা ধরে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

Kolkata & West Bengal Weather Update: আগামীকাল, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Cyclone Akvan Weather Update: বৃষ্টি থামবে না, বরং আজ রাত থেকে আরও খারাপ হবে পরিস্থিতি! শুক্রে ল্যান্ডফল হলেই..., জেলা ধরে সতর্কবার্তা দিল হাওয়া অফিস
আরও বৃষ্টি নিয়ে আসছে আকভান।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 19, 2026 | 5:46 PM

কলকাতা: আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে! সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছেই। ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan) এসে নভেম্বরেও ভাসাচ্ছে কলকাতা সহ গোটা বাংলাকে। আগামিকাল দুপুরে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তার আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে। শুক্রবার কি আরও খারাপ পরিস্থিতি হবে? এখনই সতর্ক করে দিল আবহাওয়া অফিস।

আজ বিকেলে আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ সম্পর্কে জানান। তিনি বলেন, “ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। পুরী থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার।আগামিকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।”

হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশের পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের।

সমুদ্র ও উপকূলবর্তী এলাকার জন্য সতর্কতা-

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রে সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস-

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আগামীকাল, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সময় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

২১ তারিখ ও তার পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বিক্ষিপ্তভাবে এক-দু’টি জায়গায় বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস-

আগামী তিনদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিন এক-দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ও ২৫ তারিখ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাস-

আগামী ৪৮ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আজ রাত ও আগামিকাল সকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েক পশলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। আকাশ মূলত মেঘলা থাকবে।  মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us