
কলকাতা: কালীপুজোর পরের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে হাজির দিল্লি পুলিশ। সোমবার বিকেলে তাঁর কালীঘাটের (Kalighat) বাড়িতে হাজির হয় পুলিশ। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ২০১৩ সালের একটি মামলায় দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা জানান তাঁরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই মমতাকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে সই জালিয়াতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের পার্টি অফিসে তল্লাশি চালাতে গিয়েছিল সিআইডি। তাঁর বাড়ির ঠিকানাতেও চালানো হয় তল্লাশি।
গত ১০ অক্টোবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না, এই কারণ দেখিয়েই ধর্না প্রত্য়াহার করতে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোর করে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিনই ছেড়ে দেওয়া হয় তাঁকে।