
কলকাতা: একুশের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। ছাব্বিশের নির্বাচনের সময় সেই অশান্তি না হলেও, জেলায়-জেলায় মারধর হুমকির ঘটনা প্রকাশ্যে উঠে আসছে। শুধু তাই নয়, বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েও কিছু কিছু জায়গায় বিক্ষোভ অশান্তির মুখে পড়তে হয়েছে রাজ্যের পুলিশকে। এই আবহের মধ্যেই নেওয়া হল বড় সিদ্ধান্ত। বাংলায় আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী থাকার সময় সীমা (Central Force)। আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী বলে খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফ থেকে সম্প্রতি একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ মে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেই আবেদন আংশিক মঞ্জুর করে স্বরাষ্ট্র মন্ত্রক। জানানো হয়েছে, আপাতত আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে।
কত কোম্পানি থাকছে?
CRPF: ২০০ কোম্পানি
BSF: ১৫০ কোম্পানি
CISF: ৫০ কোম্পানি
ITBP: ৫০ কোম্পানি
SSB: ৫০ কোম্পানি
ইতিমধ্যেই এই নির্দেশিকার একটি অনুলিপি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশ মহানির্দেশক (DGP) সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন-পরবর্তী হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।