
কলকাতা: বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে বঙ্গবাসী লাভবান হবেন। ভোটের প্রচারে একথা বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বঙ্গ বিজেপির নেতারা। আর বাংলায় বিজেপি সরকার গঠনের পর সেই ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফলের কথা উঠে এল মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। সোমবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে জল জীবন মিশন নিয়ে রাজ্য সরকার মৌ স্বাক্ষর করল। এর ফলে বাংলার গ্রামে গ্রামে নলবাহিত শুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে বলে আশা। আর এদিন এই মৌ স্বাক্ষরের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু বলে দিলেন, “ডবল ইঞ্জিন সরকারের কাজ শুরু হল।”
এদিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্যের মধ্যে মৌ স্বাক্ষরের পর শুভেন্দু অধিকারী বলেন, “ডবল ইঞ্জিন সরকারের কাজ শুরু হল। বাংলার জনগণ ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে সাহায্য করেছেন। অনেকে আমাকে বলেছেন যে কেন্দ্র এত টাকা দিত। কিন্তু কোনও কাজ হচ্ছে না। এই সরকার যৌথভাবে যেভাবে কাজ করতে শুরু করছে তাতে বাংলার মানুষ উপকৃত হবেন। বাংলার মানুষ অপেক্ষা করে আছেন এই জল জীবন মিশনের জন্য।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, জল জীবন মিশন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ২৯০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গ্রাউন্ড লেভেলে সেই কাজের প্রতিফলন হয়নি। এমনকী প্রকল্পের নাম পর্যন্ত বদলে দিয়েছিল আগের পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আগামিদিনে এই কাজ এগিয়ে যাবে। ৩০ হাজার কোটি টাকা দ্বিতীয় দফায় পেতে চলেছে রাজ্য।
কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?
এদিন ভার্চুয়াল বৈঠকে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল, জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না।ভার্চুয়াল বৈঠকে সিআর পাতিল বলেন, “মুখ্যমন্ত্রীজি আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি পুরো দেশের ইচ্ছা পূর্ণ করেছেন। পুরো দেশ খুশি। পশ্চিমবঙ্গে জল জীবন মিশনে যে কাজ হওয়া উচিত ছিল তা হয়নি।” এবার তা হবে বলে আত্মবিশ্বাসী তিনি।