
কলকাতা: মিলন মেলায় পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় আদৌ পুজোতে কি বদল? সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ‘বদলের বাংলায়’ এবারের দুর্গাপুজোর আনন্দে কি নতুন কোনো মাত্রা যোগ হতে চলেছে? পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো সুযোগ-সুবিধা বা অনুদান পাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা ছিল তুঙ্গে।কিন্তু তার আগে পুজোয় মদের দোকান বন্ধ নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। অষ্টমীর দিন পুজোয় ড্রাই ডে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
পুজোয় মদ বিক্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুজো আমাদের ধর্মীয় ঐতিহ্য। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মিশে রয়েছে। সেটা আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনও কাজ আপনারা করবেন না। মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলী দিই, সেইদিন এই রাজ্যে সমস্ত রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকি বারেও মদ বিক্রি করা যাবে না। অষ্টমীর দিন।”
প্রসঙ্গত, গত বছর পর্যন্ত দশমীর দিনটা ড্রাই ডে হিসাবে গণ্য করা হত। আর দেখা যেত, অষ্টম ও নবমীর দিন রাজ্যে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। তার থেকে সব থেকে বেশি রাজস্ব গিয়েছে রাজ্য সরকারের ঘরে। কিন্তু এবার ঐতিহ্যের কথা মাথায় রেখেই অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এটিকে কোনও ধরনের ‘বিধিনিষেধ’ বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে না দেখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সার্বিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।