Durga Puja Rail Security: পুজোয় ভিড় সামলাতে ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি! শিয়ালদহে অত্যাধুনিক ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর

Eastern Railway Durga Puja Security: দুর্গাপুজোর সময় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় কার্যত উপচে পড়ে। বিশেষ করে শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করা রেলের কাছে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতি সামাল দিতেই ডিআরএম অফিসে স্থায়ীভাবে তৈরি করা হয়েছে সেন্ট্রাল ওয়ার রুম। কীভাবে কাজ করবে ওয়ার রুম?

Durga Puja Rail Security: পুজোয় ভিড় সামলাতে ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি! শিয়ালদহে অত্যাধুনিক ওয়ার রুম, দিল্লি থেকেও কড়া নজর
সেন্ট্রাল ওয়ার রুমImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 13, 2026 | 11:29 AM

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) ভিড় সামলাতে এবার প্রযুক্তিকেই হাতিয়ার করছে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। পুজোর দিনগুলিতে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এবার ২ হাজার ৯৮৬টি অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের ২০০টিরও বেশি স্টেশনে চলবে কড়া নজরদারি। এআই প্রযুক্তিসম্পন্ন ফেস রেকগনিশন ক্যামেরা থেকে নাইট ভিশন ক্যামেরা, নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না রেল। আর এই গোটা নজরদারি ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল শিয়ালদহের ডিআরএম অফিসে তৈরি অত্যাধুনিক সেন্ট্রাল ওয়ার রুম। পুজোর আগে সেই ওয়ার রুমেই পৌঁছে যায় টিভি৯ বাংলা।

কীভাবে কাজ করবে ওয়ার রুম?

দুর্গাপুজোর সময় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় কার্যত উপচে পড়ে। বিশেষ করে শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করা রেলের কাছে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতি সামাল দিতেই ডিআরএম অফিসে স্থায়ীভাবে তৈরি করা হয়েছে সেন্ট্রাল ওয়ার রুম।

আরপিএফ সূত্রে খবর, শিয়ালদহসহ মোট ১১টি স্টেশনে একটা করে ছোট ছোট ওয়ার রুম রয়েছে। সেই স্টেশনগুলোর অন্তর্গত অন্যান্য ছোট স্টেশন রয়েছে। এই মোট ১১টি ওয়ার রুমের ক্যামেরার যাবতীয় ফুটেজ সরাসরি কন্ট্রোল হচ্ছে ডিআরএম অফিসে থাকা এই সেন্ট্রাল ওয়ার রুম থেকে। শুধু ওয়ার রুম নয়, পুজোর জন্য সেন্ট্রাল কন্ট্রোল রুমও আপডেট করা হয়েছে। ইলেকট্রনিক প্যানেল বোর্ডের মাধ্যমে ট্রেনের গতি এবং পরিষেবার উপরে নজর থাকছে রেলের আধিকারিকদের। সেই কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে ওয়ার রুমকে।

কোন স্টেশনে কতটা ভিড় হচ্ছে, কোথায় যাত্রীদের চাপ বাড়ছে কিংবা কোথাও কোনও সন্দেহজনক গতিবিধি রয়েছে কি না, সবকিছুই ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে দ্রুত সংশ্লিষ্ট স্টেশনে নিরাপত্তাকর্মীদের সতর্ক করা সম্ভব হবে।

অপরাধী শনাক্ত করবে এআই ক্যামেরা!

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, চার থেকে পাঁচ ধরনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে রয়েছে এআই প্রযুক্তিসম্পন্ন ফেস রেকগনিশন ক্যামেরা এবং নাইট ভিশন ক্যামেরা।

ফেস রিকগনাইজ ক্যামেরা দিয়ে যে কোনও অপরাধীকে দ্রুত পুরনো ডেটাবেস দিয়ে ধরা সম্ভব হচ্ছে। অর্থাৎ, ক্যামেরায় ধরা পড়া মুখের সঙ্গে পুরনো অপরাধীদের ডেটাবেস মিলিয়ে সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে ভিড়ের সুযোগ নিয়ে অপরাধমূলক কার্যকলাপ রুখতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

শুধু স্টেশনের ভিতরেই নয়, স্টেশনের বাইরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকাকেও আনা হয়েছে ক্যামেরার নজরদারির আওতায়। দিন-রাত সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছেন আরপিএফ জওয়ানরা।

ভিড় নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ

গত বছর দুর্গাপুজোর সপ্তমীতেই শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যা পৌঁছেছিল ২১ লক্ষে। রেল সূত্রে খবর, সেটিই ছিল সর্বকালের রেকর্ড। এবার সেই সংখ্যাও ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা রেল কর্তৃপক্ষের। ফলে ট্রেন চালানোর পাশাপাশি প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথে ভিড় নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই পুজোর আগে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিল্লি থেকেও নজর

শিয়ালদহের এই অত্যাধুনিক ওয়ার রুমের উপর সরাসরি নজর রাখছে দিল্লির রেল বোর্ডও। আরপিএফ সূত্রে খবর, কুম্ভ মেলাকে কেন্দ্র করে নয়াদিল্লি রেলস্টেশনে ভিড়ের চাপে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই শিয়ালদহে না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কবার্তা এসেছে দিল্লি থেকে। সেই কারণেই এবার আগাম প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রেল। ভিড় বাড়ার আগেই পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us