
শিয়ালদহ: দুর্গাপুজোয় যাত্রী পরিবহনে নতুন রেকর্ড গড়ল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ষষ্ঠী থেকে দশমী—পুজোর এই পাঁচ দিনে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন দিয়ে যাতায়াত করেছেন ২ কোটি ৬৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৮ জন যাত্রী। গত বছরের তুলনায় যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৩৩.৪৪ শতাংশ। উৎসবের দিনগুলিতে বিপুল যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ করা হয়েছিল বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের দুর্গাপুজোর উৎসবকাল গত বছরের তুলনায় এক দিন বেশি হওয়ায় যাত্রীসংখ্যা বৃদ্ধিতে তারও প্রভাব পড়েছে। পাশাপাশি, পুজোর সময় যাত্রীদের সুবিধার্থে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট ২৬৬টি বিশেষ ট্রেন চালানো হয়। এর ফলে অতিরিক্ত যাত্রী পরিবহণের পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে সুবিধা হয়েছে।
পুজোর দিনগুলিতে শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট এবং কল্যাণী স্টেশনে উল্লেখযোগ্য যাত্রীসমাগম হয়। এর মধ্যে কল্যাণী স্টেশনে যাত্রীসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১৪.০১ শতাংশ। উৎসবের মরশুমে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনের উপর যাত্রীদের নির্ভরতার ছবিই উঠে এসেছে এই পরিসংখ্যানে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা এই সাফল্যের জন্য ডিভিশনের সমস্ত বিভাগের আধিকারিক ও কর্মীদের প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, বিশেষ ট্রেন পরিচালনা, ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে রেলকর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।পুজোর পাঁচ দিনে ২.৬৩ কোটিরও বেশি যাত্রীর যাতায়াত এবং গত বছরের তুলনায় যাত্রীসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি—সব মিলিয়ে উৎসবের মরশুমে শিয়ালদহ ডিভিশনের যাত্রী পরিষেবার বিপুল চাপের ছবিই সামনে এসেছে।