
কলকাতা: যাত্রীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিষেবা নিশ্চিত করতে জল ও খাদ্য নিরাপত্তায় নজরদারি আরও জোরদার করল পূর্ব রেল। গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহ ধরে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন, রেলওয়ে চত্বর এবং পরিষেবা প্রতিষ্ঠানে পানীয় জল ও খাদ্যসামগ্রীর গুণমান খতিয়ে দেখতে ব্যাপক পরীক্ষা চালানো হয়। বিগত এক সপ্তাহে ১৩২টি জলের নমুনা, ১,৬৫৯টি অবশিষ্ট ক্লোরিন পরীক্ষার জন্য ও খাবারের ২৯টি নমুনা পাঠানো হল পরীক্ষাগারে।
এই অভিযানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ১৩২টি জলের নমুনার ব্যাকটেরিয়া পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি জল সরবরাহ ব্যবস্থায় জীবাণুনাশক ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে ১,৬৫৯টি অবশিষ্ট ক্লোরিন পরীক্ষা করা হয়েছে। এর সঙ্গে জলের গুণমানের বিভিন্ন রাসায়নিক পরামিতি যাচাই করতে আরও ৫টি রাসায়নিক বিশ্লেষণ করা হয়েছে।
শুধু পানীয় জল নয়, রেল চত্বরে যাত্রীদের জন্য পরিবেশিত খাবারের মান নিয়েও চালানো হয়েছে পরীক্ষা। বিভিন্ন রেলওয়ে খাদ্য পরিষেবা কেন্দ্র থেকে ২৯টি খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খাদ্যসামগ্রীর গুণমান, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ সংরক্ষণ ও পরিবেশনের বিষয়গুলি খতিয়ে দেখাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য।
পূর্ব রেলের দাবি, এই নজরদারি শুধুমাত্র নিয়মিত পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। নমুনা সংগ্রহ, পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য ত্রুটি বা স্বাস্থ্যঝুঁকির জায়গাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়াই এই অভিযানের উদ্দেশ্য।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের জন্য নিরাপদ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত খাদ্য পরিষেবা নিশ্চিত করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্যেই জল ও খাদ্যের গুণমান নিয়ন্ত্রণে ধারাবাহিক নজরদারি এবং পরীক্ষার পরিধি আরও শক্তিশালী করা হচ্ছে।