
কলকাতা: আগেই জারি হয়েছিল লুকআউট নোটিস। তারপর থেকেই তীব্র হয়েছিল জল্পনা। সেই জল্পনা সত্যি করেই শেষ পর্যন্ত গ্রেফতার কালীঘাট থানার প্রাক্তন ওসি। প্রায় ১১ ঘণ্টার বেশি সময় জেরার পর গ্রেফতার করা হল কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। সোনা পাপ্পুর মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, জোর করে জমি দখল মামলায় তাঁকে ম্যারাথান জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখা যাওয়াতেই তাঁকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর। শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের যোগ সূত্র মিলেছে বলেও খবর। এই শান্তনুকেই এক সময় ব্যক্তিগত নিরাপত্তার কাজে নিয়োগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিন সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেকে ইডি-র অফিসে আসেন শান্তনু সিনহা বিশ্বাস। এর আগে থাকে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। তা নিয়ে ভোটের মুখে প্রশাসনিক মহলে বিস্তর চাপানউতোরও হয়েছিল।
প্রসঙ্গত, জমি দখল, তোলাবাজি ও বেআইনি অস্ত্র রাখার মতো একাধিক গুরুতর অভিযোগে বালিগঞ্জের সোনা পাপ্পুর বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তদন্তের সূত্র ধরেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোনা পাপ্পুর সঙ্গে আর্থিক লেনদেনের যোগ সূত্র খতিয়ে দেখার জন্য কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি ইডি-র ডাকে সাড়া দেননি। তারপরই লুক আউট নোটিস জারি করে ইডি।