
কলকাতা: সূর্যের আলো ফুটতে না ফুটতেই অ্যাকশন মোডে ইডি। সকাল সকাল অভিযান নাদিমুল হকের অফিসে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জানা গিয়েছে, পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে ইডি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন।
এই উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। তাঁর সংবাদপত্রের অফিসেই আজ সকালে হানা দেয় ইডি। পুরো চত্বর ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অফিসের ভিতরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
প্রাথমিক সূত্রে খবর, বেআইনি লেনদেনের সূত্র ধরেই তৃণমূল সাংসদের সংবাদপত্রের অফিসে হাজির হয়েছে পুলিশ। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যার কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনের অভিযোগের তদন্ত করতেই এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ ও শ্রীনগর থেকে নিয়মিত প্রকাশিত হয় এই সংবাদপত্র। নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।