
কলকাতা: ভরসন্ধ্যায় হঠাৎ অসুস্থ একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটের মাত্র এক সপ্তাহ আে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। সেই ইস্যুতে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা, কেন অসুস্থ হয়ে পড়লেন জওয়ানরা, সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
ভোটের নিরাপত্তা সামলাতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন স্কুল বা অন্যান্য ভবনে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেরকমই তুফানগঞ্জের একটি স্কুলে ছিলেন জওয়ানরা। বুধবার সন্ধ্যায় আচমকা ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এছাড়াও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তবে ওই জওয়ানরা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করছিলেন বলে জানা গিয়েছে।
অসুস্থ জওয়ানরা পেটের তীব্র সমস্যায় ভুগতে শুরু করেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কোন খাবার থেকে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে।