
কলকাতা: ভোটের সকালে গ্রেফতার হয়েছেন আজুপ প্রধান হুমায়ুন কবীর। এবার এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এদিকে, হুমায়ুনকে কেন গ্রেফতার করা হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেছে পুলিশ। হুমায়ুনের বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়। তবে, ঘটনার সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সবটা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছএ কমিশনের তরফে।
উল্লেখ্য়, মঙ্গলবার সকালে ভোট দিয়ে রেজিনগরের পার্টি অফিস গিয়েছিলেন হুমায়ুন কবীর। সেখানেই পৌঁছে যায় পুলিশ। পার্টি অফিস থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা হয়। হুমায়ুনকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে হুমায়ুন কবীরকে। এই গোটা ঘটনাক্রম জানতে চেয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, হুমায়ুন কবীর প্রার্থী নন, তিনি নির্বাচনী কোনও এজেন্ট নন। তাই এভাবে ঘুরতে পারেন না। সেই কারণেই হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। এরপর পুলিশের তরফে জানানো হয়েছে, আইন ভেঙেছেন হুমায়ুন কবীর। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উপনির্বাচনের সকাল থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন আজুপ প্রধান হুমায়ুন কবীর। পুলিশকে হুঁশিয়ারিও দিয়ে বলেন,”আজ সকালে পুলিশ যেধরনের আচরণ করছে, মানুষকে বলব এদের বিরুদ্ধে মুগুড় নিয়ে দাঁড়াতে। পুলিশ যদি আমাকে মারতে আসে তাহলে কি ছেড়ে দেব? পুলিশের তো আইনরক্ষা করার দরকার।”