
কলকাতা: বুথে-বুথে নজর নির্বাচন কমিশন। প্রতি বুথে সিসিটিভি (CCTV) ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা আগেই ছিল। আর এবার বুথের ভিতরে আর বাইরে সিসিটিভি বসাতে নির্দেশ ECI-এর। সোমবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জেলা শাসক ও কমিশন কর্তাদের বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন সিসিটিভি লাগাতে হবে?
নির্বাচন কমিশনের ব্যাখ্যা, এর ফলে বুথের ভিতরে ও বাইরে যেখানেই গন্ডগোল হোক না কেন তা ধরা পড়বে ক্যামেরায়। আর সেই নিয়ে ব্যবস্থাও নেবে কমিশন। এমনকী কেউ যদি জোরপূর্বক বুথে ঢোকার চেষ্টাও করেন তাহলেও ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও বুথের বাইরে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রোঅভজারভাররা। বিধানসভা নির্বাচনের আগে এই প্রাক প্রস্তুতিতে স্পষ্ট এবার কোমর বেঁধেই নামতে চলেছে কমিশন। তাই বাহিনী বৈঠকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে।
শুধু বুথে নজরদারি নয়, সোমবারের বৈঠক থেকে কমিশনের স্পষ্ট নির্দেশ কেন্দ্রীয় বাহিনী যেন কারও কোনও আতিথেয়তা গ্রহণ না করে। এছাড়াও বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন,ঝাড়গ্রাম-ওড়িষা থেকে একশো জন করে মোট দু’শো জন জুডিশিয়াল অফিসার আসছেন আগামী ৬মার্চ। যে সব জায়গায় বিবেচনাধীন কেস বেশি সেখানে তত বেশি জুডিশিয়াল অফিসার থাকবেন। কমিশন সূত্রে খবর, যে যে জায়গায় বুথ তৈরি করা হয়েছে সেখানকার প্রস্তুতি এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। বুথগুলিতে কোথাও নেই জল তো কোথাও বিদ্যুৎ। ফলত, সবটা খতিয়ে দেখতে হবে। এবং তার রিপোর্ট জমা দিতে হবে।