
কলকাতা: শাসকদলের একাধিক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে। মাস আড়াই আগে ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে গুলি, বোমাবাজির ঘটনায় নাম জড়ানোর পর থেকে বেপাত্তা তিনি। সেই সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে সম্প্রতি তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার এই মামলায় আইপিএস গৌরব লালকে ইডি তলব করল। সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকেও আগামিকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।
আইপিএস গৌরব লাল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন। এখন তিনি হাওড়া সিটি পুলিশের যুগ্ম কমিশনার সদর পদে রয়েছেন। আগামিকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। ইডির দাবি, আর্থিক লেনদেনের সূত্র ধরে এই আইপিএস-কে তলব করা হয়েছে।
শুধু আইপিএস গৌরব লাল নন, আগামিকাল সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ব্যবসায়ী জয় কামদারকেও। গত ১ এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ওইদিনই সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছিল।
গত ১ এপ্রিল ওই তল্লাশির সময় সোনা পাপ্পুর ব্যবহার করা একটি ফরচুনার গাড়ি বাজেয়াপ্ত করা হয়। একটি রিভলবারও বাজেয়াপ্ত করা হয় ওইদিন। ইডি সূত্রে খবর, সেই অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইডির দাবি, রাজ্য ও কলকাতা পুলিশের রুজু করা বেশ কয়েকটি এফআইআর-র ভিত্তিতে সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত শুরু করে তারা। সিন্ডিকেট করে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। তাঁকে সমন পাঠানো হলেও হাজিরা দেননি বলে ইডির দাবি। তবে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ‘লাইভে’ এসে নানা দাবি করছেন সোনা পাপ্পু। এই পরিস্থিতিতে সোনা পাপ্পুর মামলায় এবার আইপিএস গৌরব লাল ও ব্যবসায়ী জয় কামদারকে তলব করল ইডি।