
কলকাতা: অবশেষে ধর্মতলা থেকে হাওড়ায় সরতে চলেছে বাস টার্মিনাস? ২০০৭ সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, ১৯ বছরেও কার্যকর হয়নি সেই নির্দেশ। এবার বাস টার্মিনাসের জট কাটাতে নয়া নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। বাস টার্মিনাস স্থানান্তরে রাজ্যকে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেও দেওয়া হয়েছে।
বাস টার্মিনাস স্থানান্তর নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন রাজ্যের এজি, পরিবেশ এবং পরিবহন দফতরের আধিকারিক ও মামলাকারী। বাস টার্মিনাস স্থানান্তর মসৃণ করতে ‘পদ্ধতি’ নিরুপণ করবে এই কমিটি। পাশাপাশি, বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়েও ভাবনাচিন্তা করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর হাইকোর্টে রিপোর্ট দেবে এই বিশেষ কমিটি।
২০০২ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় যানবাহনের দূষণ রোধেই মামলা করা হয়েছিল। সেই মামলায় ২০০৭ সালে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে। যদিও পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ওই সীমা তুলে নেওয়া হয়। তবে, বাস টার্মিনাস সরানোর নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। কিন্তু, তারপরও হাইকোর্টের নির্দেশ মেনে বাস টার্মিনাস স্থানান্তর করা হয়নি।
২০২৩ সালেও নবান্নে এই নিয়ে বৈঠক হয়েছিল। তখন এসপ্ল্যানেড থেকে বাসস্ট্যান্ড সরিয়ে বিকল্প জায়গায় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। RITES-কে পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়ার কথাও সামনে আসে। একই সঙ্গে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর নির্মাণের প্রয়োজনেও ধর্মতলার বাসস্ট্যান্ডের জায়গা নিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছিল। কিন্ত, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।