
কলকাতা: চৈত্রের শেষেই ধীরে ধীরে নিজের চেনা রূপ দেখাচ্ছে প্রকৃতি। কলকাতা-সহ গোটা রাজ্যেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছবে পশ্চিমাঞ্চলের পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। বৈশাখের শুরুতে গরমের অস্বস্তি আরও বাড়বে। তবে এখনই তাপপ্রবাহের আশঙ্কা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের রবিবারের পূর্বাভাস বলছে, এদিন তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কার থাকলেও বেলার দিকে আংশিক মেঘলা হতে পারে। কলকাতায় এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ হওয়ায় ঘামের হাত থেকে নিস্তার নেই। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে গরমের দাপট আরও বেশ খানিকটা বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্কই। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা একলাফে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৩৮ ডিগ্রির ঘর ছুঁতে পারে। সোম ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে গরম সবথেকে বেশি বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার এই অস্বস্তি আরও বাড়বে। এই জেলাগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমানেও একই ছবি। তবে তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই।
দক্ষিণবঙ্গে তীব্র গরমের পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কিছুটা ভিন্ন চিত্র দেখা যাবে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত টানা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও, সোমবার নাগাদ স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমাঞ্চলের দু-এক জেলায় সামান্য ঝড়বৃষ্টি হতে পারে।