Train Service: শুনশান শিয়ালদহ, উত্তরের প্রায় সব ট্রেন বাতিল, ফরাক্কায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
Rail Service Disrupted: শুক্রবার থেকে তিনদিনের সরকারি ছুটি রয়েছে। ফলে বহু কর্মী লম্বা ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সেটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দূরপাল্লার বাসগুলির কাউন্টারে পড়েছে লম্বা লাইন।

কলকাতা: গুরুত্বপূর্ণ লাইনে ধস। বিপর্যস্ত গোটা রাজ্যের রেল পরিষেবা। বিশেষত কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে যাওয়ার প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারের পর একই ছবি দেখা যাচ্ছে শুক্রবারও। প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচে থাকা মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। ফলে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে।
কতক্ষণ লাগবে লাইন মেরামত করতে
শুক্রবার থেকে তিনদিনের সরকারি ছুটি রয়েছে। ফলে বহু কর্মী লম্বা ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সেটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দূরপাল্লার বাসগুলির কাউন্টারে পড়েছে লম্বা লাইন। বাস সংস্থাগুলি ইচ্ছামতো ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, নিউ ফরাক্কা স্টেশনের কাছে অনেক মাটি ধসে গিয়েছে। ফলে, সেই জায়গা মেরামত করতে সময় লাগছে। মাটি ও পাথর ফেলে জায়গাটি ঠিক করার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, আরও ৬-৭ ঘণ্টা লাগবে লাইন মেরামত করতে।
আজ, ৪ সেপ্টেম্বর বাতিল ট্রেনের তালিকা
৬৩৪০১ — সাহেবগঞ্জ–মালদহ প্যাসেঞ্জার ৬৩৪০২ — মালদহ–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ১৩১৭৩ — শিয়ালদহ–আগরতলা এক্সপ্রেস ১৩৪৩১ — নাদিয়া–বালুরঘাট এক্সপ্রেস ২২৩০১ — হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ১৩০৬৩ — হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস ১৩০৫৩ — হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস ২২৩০২ — নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ১৩৪৬৬ — মালদহ–হাওড়া ১৩৪৬৫ — হাওড়া–মালদহ ১২০৪১ — হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ১২০৪২ — নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস ১৩১৬১ — কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস ১৩০১১ — হাওড়া–মালদহ ১৩১৪১ — শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস।
ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত/পরিবর্তন
১৩০১১ হাওড়া–মালদহ এক্সপ্রেসকে রামপুরহাটে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।
১৩৪১৭ দিঘা–মালদহ এক্সপ্রেসকেও রামপুরহাটে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।
১৩৪১০ ও ১৩৪১৬ নম্বর ট্রেনের যাত্রা সাহেবগঞ্জে সংক্ষিপ্ত করা হয়েছে।
১৩০১২ নম্বর ট্রেন রামপুরহাট থেকে যাত্রা শুরু করবে।
১৩৪০৯ নম্বর ট্রেন সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
অভিজ্ঞান নস্কর, কৌশিক ঘোষ, মনোতোষ পোদ্দার, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট
