
কলকাতা: সামনে দুর্গাপুজো। তারপর হতে পারে পুরভোট। কিন্তু এইসবের আগে হঠাৎই বিজেপি পার্টি অফিসে দেখা গেল প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংকে। রাজ্যে বিধানসভা ভোটের শিবির বদল করেছিলেন তিনি। তবে কি পুরভোটের আগে ফুল বদল করবেন প্রাক্তন মেয়র পারিষদ? ছেলেকে সঙ্গে নিয়ে বিজেপি অফিসে দেখা গেল তারক সিংকে। ঋত শিবিরের তারক সিং ঠিক কোন কারণে বিজেপির পার্টি অফিসে? স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়েছে।
পালা বদলের পর থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে শুরু করেছিলেন। সেই তালিকাতেই নাম লেখেন তারক সিং। তৃণমূল ও তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদ ছাড়েন তিনি। চেয়েছিলেন মমতার বদল। বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাবে অভিষেককে শাসন করেননি। সেই কারণে এখন তাঁকেও চোর স্লোগান শুনতে হচ্ছে। আর এর দায় দলের সকলকে নিতে হচ্ছে।”
এরপর কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন ঋতশিবিরে। এরপর নিউটাউনের একটি হোটেলে যেখানে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে ঋত শিবির বৈঠক করছিল, সেখানেও উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। এই সবের মধ্যে রবিবারের বারবেলায় আচমকা বিজেপির সদর দফতরে পবনকে দেখে শুরু হয় চর্চা। ছেলে অমিত সিংহ ও মেয়ে কৃষ্ণা সিংহকে নিয়ে উপস্থিত হন তারক। তাঁর দাবি, কিছু অভিযোগ নিয়ে এসেছেন তিনি। তবে, সপরিবার তারকের হাজিরা বাড়িয়েছে জল্পনা। যে সময় তারক এলেন সেই সময় রাজ্য বিজেপি দফতরে উপস্থিত শমীক ভট্টাচার্য, সঞ্জয় বনসলরা।