
কলকাতা: তিনি আইএসএফের একমাত্র বিধায়ক। একুশ সালে ভাঙড় থেকে প্রথমবার জয়ী হন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এই আসন থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছেন। সমর্থক ও অনুগামীদের কাছে ‘ভাইজান’ হিসেবেই পরিচিত। ভাঙড়ের সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। মঙ্গলবার সেই সোশ্যাল মিডিয়াতেই স্বামী বিবেকানন্দের একটি বাণী পোস্ট করেন তিনি। আর তাতে বয়ে গেল কমেন্টের বন্যা।
এদিন ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার বদলান নওশাদ। প্রোফাইল পিকচারে নিজের একটি ছবি দেন। উপরে স্বামীজির একটি বাণীও লেখেন। স্বামীজি বলেছিলেন, “আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনও শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।” এই বাণীটিই এদিন লেখেন নওশাদ।
তাঁর সেই ছবি ও স্বামীজি বাণী দেখে নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দেন। কেউ লেখেন, ‘অসাধারণ বার্তা। ধৈর্য আর যোগ্যতার উপর বিশ্বাস রাখাই আসল।’ কেউ লেখেন, ‘দাদা, খুব সুন্দর লাগছে তোমাকে। নায়ক নায়ক।’ ভাইজান সম্বোধন করে কেউ লেখেন, ‘ভাইজানের হাসিটা সেরা।’ কেউ আবার বিধায়ক হিসেবে নওশাদের কাজের প্রশংসা করে লিখেছেন, ‘আমি আপনার দলের সমর্থক নই, তবে অবশ্যই আপনার মতো বিধায়ক বা বিরোধী বা সাধারণ রাজনীতিবিদ (যেটাই বলি) ভারতের প্রয়োজন।’ এর মধ্যেই অবশ্য কয়েকজন কটাক্ষও করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ককে।
নওশাদ যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়, তা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। ফেসবুকে তাঁর সাড়ে তিন লক্ষের বেশি ফলোয়ার। ফেসবুকে প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও বিধানসভায় তাঁর বক্তব্যের অংশ পোস্ট করেন। কখনও কোনও ইস্যু নিয়ে পোস্ট করেন।