
কলকাতা: গুন্ডা দমন বিল নিয়ে দিনভর আলোচনা। রাষ্ট্রপতি বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন বলে জানা যায়। এনডিপিএস আইনের সঙ্গে এই বিলের সংঘাত বাধায় পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। জানা যায়, বিলে সই করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে জল্পনার পর রাতে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিলের দুটি পার্ট। একটি পার্ট লাগু হয়েছে। অন্য একটি পার্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। আপাতত বিলটি সেখানেই রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যায়নি।
শুরু থেকেই গুন্ডা দমন বিল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। গুন্ডা দমন বিলের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ‘গুন্ডা দমন বিল’ লাগু হলে, প্রশাসন যদি মনে করে, কেউ জন-নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বা কেউ বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে ঘটনার আগেই তাঁকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটক হিসাবে রাখা যাবে।
সঙ্গে বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগিয়ে কোনও সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। গুন্ডা দমন বিলে মূলত এই বিষয়টিই উল্লেখ করা রয়েছে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
এই নিয়ে এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গুন্ডারা ভয় পেয়েছে, সেইজন্য পোস্ট করছে। বাকিটা আমরা বুঝে নেব। আমরা যা করি, আইন মেনে করি। এবং এখনও পর্যন্ত যা বলেছি, তাই হয়েছে। তাই হবেও। যারা গুন্ডা, তারা জেলে থাকবে। প্রিভেনটিভ অ্যারেস্ট যে বিল, খুব ক্লিয়ার আছে। ভারতের আরও চারটে রাজ্যে রয়েছে। এই রাজ্যেও আছে। এতে আপনাদের চিন্তার কোনও কারণ নেই।” এরপর রাতে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাষ্ট্রপতির কাছে এখনও বিল পাঠানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আলোচনার জন্য বিলটি রয়েছে।