
কলকাতা: সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তাঁর অপসারণের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও এই দাবি নিয়ে কথা বলবেন ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা। সেই বিক্ষোভের আবহে প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমারের বিপদ কি বাড়তে পারে? আদৌ কি তাঁকে অপসারণ করা সম্ভব? সংবিধানে কী লেখা আছে, তার ব্যাখ্যা দিলেন রাজ্যের প্রাক্তন এজি তথা বর্ষীয়ান আইনজীবী জয়ন্ত মিত্র।
TV9 বাংলার মুখোমুখি হয়ে জয়ন্ত মিত্র বলেন, “জ্ঞানেশ কুমারের বিপদ নিশ্চয় বাড়ছে।” মানুষ যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে সুপ্রিম কোর্টও নড়েচড়ে বসেছে বলে উল্লেখ করেন তিনি। তবে তাঁর মতে, জ্ঞানেশ কুমারকে অপসারণ করাতে গেলে সংবিধানের সাহায্য নিতে হবে।
এই প্রসঙ্গে সংবিধানের আর্টিকল ৩২৪-এর কথা বলছেন আইনজীবী জয়ন্ত মিত্র। সেখানেই বলা আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা যায়, একমাত্র সেই পদ্ধতিতেই কমিশনারকে অপসারণ করা যায়। কী বলা আছে আর্টিকল ৩২৪-এ? জয়ন্ত মিত্র জানান, সেখানে বলা আছে, ‘অক্ষমতা (incapacity) ও প্রমাণিত দুর্ব্যবহারের (proved misbehaviour) অভিযোগ থাকলে সংসদে অনাস্থা এনে নির্বাচন কমিশনারকে সরানো যায়।’
সংবিধান বিশেষজ্ঞ জয়ন্ত মিত্রের মতে, জ্ঞানেশ কুমার যদি এই বিক্ষোভের পরিস্থিতিতে নিজে পদত্যাগ না করেন, তাহলে শুধুমাত্র আর্টিকল ৩২৪-এর সাহায্য নিয়ে সংসদে অনাস্থা এনে তাঁকে অপসারণ করা যেতে পারে।