
নয়া দিল্লি: জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) সাসপেন্ড করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে পরপর প্রশ্ন উঠেছে শীর্ষ কোর্টে। যদিও সংবাদমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্ত নিতে চায় না, তবে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ‘সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলে, তা স্থগিত করা হতে পারে।’ প্রশ্ন উঠেছে, এসআইআর বা নির্বাচন কমিশনারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট (Supreme Court) কি কোনও সিদ্ধান্ত নিতে পারে?
TV9 বাংলার মুখোমুখি হয়ে প্রাক্তন এজি জয়ন্ত মিত্র বলেন, “শীর্ষ আদালতের বিরাট ক্ষমতা আছে। ফাংশনাল ইনএবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে।” অর্থাৎ তাঁর মতে, পদ্ধতিগত কোনও ত্রুটি থাকলে, তাতে হস্তক্ষেপ করতেই পারে সুপ্রিম কোর্ট।
তবে পদ্ধতি যাই হোক না কেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (এক্ষেত্রে এসআইআর), তাতে হস্তক্ষেপ করতে পারবে না শীর্ষ কোর্ট। বর্ষীয়ান আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “সুপ্রিম কোর্ট শুধুই নজরে রাখতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনই নিতে পারে। কোনও সিদ্ধান্ত যদি কমশন নেয়, তার যুক্তি, তার মেরিট দেখতে পারে না আদালত, কিন্তু সঠিক পন্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেটা সুপ্রিম কোর্ট দেখতে পারে।”
এক্ষেত্রে অভিযোগ, বাকি দুই কমিশনারের মত না থাকা সত্ত্বেও এসআইআরের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সর্বসম্মতভাবে কমিশন সিদ্ধান্ত নেয়নি বলে অভিযোগ। জয়ন্ত মিত্রের বক্তব্য, এই অভিযোগের যদি রেকর্ড থাকে, তাহলে তা আদালতে পেশ করা যায়। যদি দেখা যায়, সবার মত না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। এটা সঠিক পদ্ধতিতে নেওয়া হয়েছে কি না সেটা বলতে পারে। সিদ্ধান্তটা ঠিক না ভুল সেটা ঠিক করবেন নির্বাচন কমিশনার।