
কলকাতা: ভাইফোঁটার সন্ধ্যায় এল দুঃসংবাদ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas)। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সপ্তমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চলছিল ডায়ালিসিস-ও। তবে তারপরও মৃত্যুকে আটকানো যায়নি। একে একে অঙ্গ বিকল হয়ে আজ, বুধবার (১১ নভেম্বর) মৃত্যুর কোলে ঢলে পড়লেন উজ্জ্বল বিশ্বাস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা-পন্থী তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন উজ্জ্বল বিশ্বাস। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কৃষ্ণনগর দক্ষিণ আসন থেকে দাঁড়ান, তবে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে হেরে যান।
উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণের খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ একটি পোস্ট করে লেখেন, “উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দল ও সর্বোপরি মানুষের সেবায়। দলের প্রতি তাঁর অবিচল আনুগত্য, নিষ্ঠা, দায়বদ্ধতা এবং বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার মানসিকতা তাঁকে আমাদের পরিবারের এক অমূল্য সম্পদে পরিণত করেছিল। তাঁর প্রয়াণ আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত ক্ষতি। এমন এক শূন্যতার সৃষ্টি হল, যা কখনও পূরণ হওয়ার নয়।”
শেষবেলার কথা উল্লেখ করে অত্যাচারের অভিযোগ আনেন মমতা। কালীঘাট তৃণমূলের নেত্রী লেখেন, “তাঁর মৃত্যুকে আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে জীবনের শেষ কয়েক মাসে তাঁকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতা। কয়েক মাস আগে তাঁর উপর নৃশংস হামলা চালানো হয়েছিল। তাঁকে ৪৯ দিন কারাবন্দি করে রাখা হয়। মিথ্যা মামলায় জড়ানো হয় এবং তাঁকে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।”
ত্রাণ চুরির অভিযোগে উজ্জ্বল বিশ্বাসকে গত জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া, চোর চোর স্লোগানও দেওয়া হয়েছিল। সেই কথাই মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজও আমার মনে আছে, তিনি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তাঁর উপর চালানো অত্যাচার, অপমান এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন। শুধুমাত্র নিজের রাজনৈতিক আদর্শে অবিচল থাকা ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করার কারণেই তাঁকে এই পরিণতির মুখোমুখি হতে হয়েছিল। তাঁর কথার মধ্যে যে যন্ত্রণা অনুভব করেছিলাম, তা কোনও দিন ভুলতে পারব না। তাঁর এই দুর্ভোগ বাংলায় বিজেপির চালু করা প্রতিহিংসার রাজনীতি, ভয় দেখানো ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক ভয়াবহ দৃষ্টান্ত।”
বিজেপিকে আক্রমণ করে লেখেন, “যখন রাজনৈতিক আনুগত্যই নিপীড়নের কারণ হয়ে দাঁড়ায়, যখন মিথ্যা মামলাকে হাতিয়ার করে মানুষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়। যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেন, তাঁদের চরম দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হয়, তখন আসলে ক্ষতবিক্ষত হয় গণতন্ত্রই। কোনও রাজনৈতিক বিরোধিতাই এমন নিষ্ঠুরতাকে …দিতে পারে না। কোনও সরকারেরই অধিকার নেই রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার।”
তিনি আরও লেখেন, “আজ একটি পরিবার তাঁদের প্রিয়জনকে হারাল। তৃণমূল কংগ্রেস হারাল দলের একনিষ্ঠ সৈনিককে। আর আমি হারালাম এমন একজন মানুষকে, যাঁর সঙ্গে দীর্ঘদিনের বিশ্বাস, স্নেহ, ভালোবাসা এবং পারস্পরিক সংহতির সম্পর্ক ছিল। জীবনের সমস্ত প্রতিকূলতা ও নির্যাতন সহ্য করেও তিনি নিজের আদর্শে অবিচল ছিলেন। আমি তাঁকে এভাবেই চিরকাল মনে রাখব।”