
কলকাতা: হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি সংঘাত নিয়ে তোলপাড় আইনজীবী মহল। মামলা পৌঁছেছে শীর্ষ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের সওয়াল-জবাবে বিচারপতিদের অর্ডার দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্ট যখন এই ইস্যুতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে, তখন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। পরিস্থিতি স্বাভাবিক করতে যে তিনি সক্রিয় হবেন, সে ব্যাপারে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার এজলাস ছেড়ে বেরনোর সময় তিনি কথা বলেন এই ইস্যুতে।
প্রধান বিচারপতি শিবজ্ঞানম কোনও বিচারপতির নাম উল্লেখ করেননি এদিন। নাম না করেই প্রধান বিচারপতির মন্তব্য, “এই ধরনের ঘটনা কাম্য নয় এই ন্যায়ালয়ে। ভারতবর্ষের অন্যতম প্রধান হাইকোর্ট হিসেবে গন্য করা হয় এই হাইকোর্টকে। এই ঘটনা আগামিদিনে জনমানসে প্রভাব ফেলবে।” প্রধান বিচারপতি এদিন আশ্বাস দিয়েছেন, ঘটনার স্বাভাবিকত্ব ফিরিয়ে আনতে তিনি সক্রিয় হবেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট দেশের সবথেকে পুরনো হাইকোর্ট। আর সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এই সংঘাত সেই আদালতে কার্যত নজিরবিহীন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিক্যাল সংক্রান্ত মামলার নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। আবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার।
তবে সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও বিচারপতি সম্পর্কে মন্তব্য করা যাবে না। সোমবার আইনজীবী কপিল সিব্বল তাঁর সওয়ালে বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করতে গেলে, থামিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ভুলে গেলে চলবে না, একজন হাইকোর্টের বিচারপতি সম্পর্কে কথা বলা হচ্ছে। এতে হাইকোর্টের গরিমা ক্ষুন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।