Kolkata: মুণ্ড কাটা, পিস পিস করা মহিলার দেহ, রক্তমাখা ট্রলিব্যাগে ভরে ফেলতে গিয়েছিল! সাত সকালে আহিরীটোলা ঘাটে ভয়ঙ্কর ঘটনা
Kolkata: মা ও মেয়ের হাতে ছিল সেই ট্রলিব্যাগে। তাঁদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন করতে তাঁরা প্রথমটায় বলেন, ভিতরে কুকুরের দেহ আছে।
কলকাতা: খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। ট্রলিব্যাগে বন্দি দেহাংশ ফেলতে গিয়ে আটক দুই মহিলা। অভিযোগ, ট্রলিব্যাগে রয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। মঙ্গলবার সাত সকালে কলকাতার আহিরীটোলা ঘাটে ওই ট্রলিব্যাগ হাতে দুই মহিলাকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই রক্তমাখা দেহের টুকরো। মুণ্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। দুই মহিলাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহিরীটোলা ঘাটের এক মহিলা কর্মীর। তিনি জানান, এদিন সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন, দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলিব্যাগ হাতে নামছেন। ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকাপয়সা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, পরে ট্যাক্সিটি চলে যায়। ওই মহিলা জানান, ট্রলিব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না। সেটা দেখেই তাঁর সন্দেহ হয়।
সকালে ঘাটে যোগা করেন অনেকে। তাঁদেরকে গিয়ে বিষয়টা দেখতে বলেন ঘাটের ওই মহিলা কর্মী। বাকিরা পরামর্শ দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেন। পুলিশকর্মীরা এসে প্রশ্ন করলে ওই দুই মহিলা প্রথমটায় দাবি করেন, একটি ল্যাব্রাডর কুকুরের দেহ আছে ভিতরে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি।
ওই দুই মহিলা মা ও মেয়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চাপ দেওয়ার পর মহিলা দাবি করেন, তাঁর মেয়ের ননদ শ্বশুরবাড়ির অত্যাচারে গায়ে আগুন দিয়েছে। এভাবেই নানা অসংলগ্ন কথা বলতে থাকে তারা। এরপর স্যুটকেস খুলতে খুলতেই শিউরে ওঠেন সবাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলার দেহ চার টুকরো করা। কাউকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
