AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shatadru Dutta EXCLUSIVE: আবার মেসিকে আনতে গিয়েছেন? নিউ ইয়র্ক থেকে কী বললেন শতদ্রু দত্ত?

Shatadru Dutta on Leo Messi: গত বছরের ১৪ ডিসেম্বর মেসি পা রেখেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু, মেসি মাঠে ঢোকার পরেই শুরু হয় একের পর এক অসহ্য ঘটনা। প্রায় শ'দেড়েক লোক ঘিরে ফেলেন মেসিকে। দর্শকরা একটুও দেখতে পাননি তাঁদের স্বপ্নের নায়ককে।

Shatadru Dutta EXCLUSIVE: আবার মেসিকে আনতে গিয়েছেন? নিউ ইয়র্ক থেকে কী বললেন শতদ্রু দত্ত?
শতদ্রু দত্ত ও লিও মেসিImage Credit: Facebook/@Shatadru Dutta II
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 6:54 PM
Share

কলকাতা : বিশ্বকাপ ফুটবলে আজ ফাইনালে স্পেনের বিরুদ্ধে নামছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ স্পেন। একদিকে মেসি, ম্যাক অ্যালিস্টার, অন্যদিকে ইয়ামাল, মিকেল ওয়েরজাবাল – এঁদের দ্বৈরথ দেখতে উদগ্রীব ফুটবল বিশ্ব। তবে এর মধ্যেই আবার মেসি নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কলকাতা গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। সম্প্রতি বিশ্বকাপ দেখতে আমেরিকায় রয়েছেন শতদ্রু। সেখান থেকেই মেসি সম্পর্কে কথা বললেন তিনি।

টিভি৯ বাংলাকে নিউ ইয়র্ক থেকে শতদ্রু জানালেন, “আমি নিউ ইয়র্ক শুধু খেলা দেখতে আসিনি। শুধু খেলা দেখতে কেউ এতদূর আসবে না। আমি একটা চেষ্টা করছি। আমি নিজের ১০০% দিচ্ছি। আপনারা পাশে থাকুন। টপ ম্যানেজমেন্টের সঙ্গে কথা চলছে। গতবার যেটা হয়নি, সেটাই এবার করতে চাই। মেসি বিশ্বকাপে খেলছে, কেনই বা ভারতের সমর্থকরা মেসিকে দেখা থেকে বিরত থাকবেন?” তাঁর কথায়, তিনি নিজে চেষ্টা করছেন যাতে আর একবার মেসিকে রাজি করিয়ে কলকাতায় আনা যায়। মানুষ মেসিকে নিয়েও অকপট শতদ্রু, “মেসি এমনিতে খুব চুপচাপ, শান্ত। খুব ভদ্রলোক। মেসির একটা কোয়ালিটি হল, ও সবসময় দৌড়োয় না কিন্তু একমাত্র দরকারে ও নিজের সেরাটা দেয়। যে কোয়ালিটি মারাদোনার মধ্যে ছিল, সেই একই জিনিস আছে মেসির মধ্যে। ইংল্যান্ড ম্যাচেও ওর জন্যই জিতেছে আর্জেন্টিনা।”

গত বছরের ১৪ ডিসেম্বর মেসি পা রেখেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু, মেসি মাঠে ঢোকার পরেই শুরু হয় একের পর এক অসহ্য ঘটনা। প্রায় শ’দেড়েক লোক ঘিরে ফেলেন মেসিকে। দর্শকরা একটুও দেখতে পাননি তাঁদের স্বপ্নের নায়ককে। এমনকি মেসিকে বারবার জড়িয়ে ধরছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। হাজার হাজার টাকা দিয়েও মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে যুবভারতী ভাংচুর করেন সমর্থকরা। ঘটনার দিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রুকে।

এরপরই বিধানসভা নির্বাচনে রাজ্যের পালাবদল ঘটে। বিজেপি সরকার ক্ষমতায় আসে। প্রায় ৩৮ দিন জেলে ছিলেন শতদ্রু। তিনি অরূপ বিশ্বাসদের প্রতি বড় অঙ্কের মামলা করার কথা বলেন কিন্তু মেসিকে পাওয়া যায়নি আর। আজ ফাইনালের যদি আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হয় ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে আবার যদি মেসির পদধূলি পড়ে কলকাতায়, তাহলে তো সমর্থকদের জন্য সোনায় সোহাগা।

Follow Us