Bangladesh Arson Attack: থানায়-বাসে আগুন, সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, বাংলাদেশ ফের অগ্নিগর্ভ
Bangladesh Political Unrest: আগামী ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে 'নিষিদ্ধ' আওয়ামী লীগ। তার আগে গোপালগঞ্জে ধারাবাহিক সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং এবার থানায় হামলার ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঢাকা: শেখ হাসিনার ফেরা নিয়ে চাপানউতোরের মধ্যেই নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। গোপালগঞ্জ কার্যত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দখলে। গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু থানা নয়, পুলিশ ব্যারাক, পুলিশের গাড়ি এবং গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় টুঙ্গিপাড়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে থানায় ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি থানা ভবন ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের হেফাজতে থাকা আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।
হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। পরিস্থিতি ভয়াবহ আকার নিলে পুলিশকর্মীদের একাংশ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । খালেক বাজার, পাটগাতি মোড় ও বার্নি-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ। তার আগে গোপালগঞ্জে ধারাবাহিক সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং এবার থানায় হামলার ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঢাকায় পরপর দু’টি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক রাজধানীজুড়ে-
এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকায় পরপর দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল মঙ্গলবার রাতে। রাত ৯ টা থেকে সাড়ে ৯টা নাগাদ তেজগাঁও ও মীরপুর এলাকায় বাস দু’টিতে আগুন দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল সূত্রে জানা গিয়েছে, রাত ৯টার দিকে তেজগাঁওয়ে তিতুমীর কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর, রাত সোয়া ৯টার দিকে মীরপুর এলাকায় দ্বিতীয় বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পরপর দু’টি বাসে আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিসংযোগের পিছনে কারা রয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। গোপালগঞ্জে থানা ও পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনার মধ্যেই রাজধানী ঢাকায় পরপর দু’টি বাসে আগুনের ঘটনায় বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
