AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: বিরোধীদের আবেদন নিয়ে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট, পিছিয়ে গেল শুনানি

Supreme Court SIR Case Hearing: বিরোধীদের মূল অভিযোগ, প্রথমত, মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে এসআইআর প্রক্রিয়া শুরু ও কার্যকর করেছেন। এই বিষয়ে কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনও সম্মিলিত আলোচনা হয়নি বলে দাবি তাঁদের। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ায় নির্বিচারে এবং অস্বচ্ছ পদ্ধতিতে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

Supreme Court: বিরোধীদের আবেদন নিয়ে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট, পিছিয়ে গেল শুনানি
সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)
| Updated on: Nov 17, 2026 | 11:58 PM
Share

নয়াদিল্লি: এসআইআর (SIR) মামলায় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এই আর্জি জানিয়েছেন বিরোধীরা। সেই আবেদনের শুনানি পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ ডিসেম্বর। তার মধ্যে বিরোধীদের আবেদনের জবাব অথবা আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে নিজেদের বক্তব্য জমা দিতে বলেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ECI) হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। বিরোধীদের এই আবেদনের বিষয়ে তীব্র আপত্তি জানান তিনি। জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, নির্বাচন কমিশন নিজেদের বক্তব্য এবং আপত্তি জানিয়ে জবাব জমা দিতে পারে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা এই আবেদন করেছেন। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের কাছে ৪৮টি লিখিত প্রশ্ন পাঠানোর অনুমতি দেওয়া হোক। পাশাপাশি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছ থেকে হলফনামা চেয়েছেন তাঁরা।

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত গ্রহণ এবং বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাহুল গান্ধীর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।

বিরোধীদের মূল অভিযোগ, প্রথমত, মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে এসআইআর প্রক্রিয়া শুরু ও কার্যকর করেছেন। এই বিষয়ে কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনও সম্মিলিত আলোচনা হয়নি বলে দাবি তাঁদের। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ায় নির্বিচারে এবং অস্বচ্ছ পদ্ধতিতে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

এই দুই অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েই ৪৮টি প্রশ্ন তৈরি করেছেন আবেদনকারীরা। নির্বাচন কমিশনের বৈঠক, ফাইলের নোটিং, বিভিন্ন নির্দেশ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো যোগাযোগ, আধিকারিকদের প্রশিক্ষণ এবং ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য অনুসরণ করা পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।

আবেদনকারীদের বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নগুলির জবাব দিতে বলা হলে কমিশন সম্মিলিতভাবে কাজ করেছে, নাকি কার্যত এক ব্যক্তির সিদ্ধান্তেই পরিচালিত হয়েছে, তা স্পষ্ট হবে।

রাহুল গান্ধী জানতে চেয়েছেন, ঠিক কতজন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, কোন কোন কারণে বিভিন্ন শ্রেণির ভোটারের নাম বাদ পড়েছে, কীভাবে যাচাই করা হয়েছে এবং বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা কী ছিল। পাশাপাশি, কতজনকে নোটিস পাঠানো হয়েছে এবং আপত্তি জানানোর জন্য কতটা সময় দেওয়া হয়েছিল, সেই তথ্যও চাওয়া হয়েছে।

আবেদনে রাহুল গান্ধীর অভিযোগ, “এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতার অভাব রয়েছে। নির্বাচন কমিশনকে তাদের অনুসরণ করা পদ্ধতি এবং সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করতে হবে, যাতে আদালত এই প্রক্রিয়ার বৈধতা যাচাই করতে পারে। এই প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে দরিদ্র, দলিত, সংখ্যালঘু এবং পরিযায়ী ভোটাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।” নিজেদের বক্তব্য হলফনামার মাধ্যমে আদালতে জমা দেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

ভোটারদের নাম বাদ দেওয়ার আগে যথাযথ নোটিস দেওয়া হয়েছিল কি না, নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না এবং দেশের সব রাজ্যে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন আবেদনকারীরা। কংগ্রেসের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতেই এসআইআর ব্যবহার করা হচ্ছে বলে দাবি হাত শিবিরের।

এছাড়াও, এসআইআর প্রক্রিয়ায় একাধিক গাফিলতির কারণে ‘ভোট চুরি’ হয়েছে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। এই বিষয়ে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের ব্যক্তিগতভাবে প্রশ্নগুলির জবাব দেওয়ার দাবি জানিয়েছে তারা।

Follow Us