
এসআইআর নিয়ে চাপানউতোরের অন্ত নেই। বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট। টালমাটাল এই সময় ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা তা যাচাই করে নেওয়া যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন ভোটার কার্ড বা এপিক (EPIC) নম্বরের মাধ্যমে খুব সহজেই অনলাইন যাচাইয়ের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। সোজা কথায় তালিকায় নিজের নাম খুঁজে পেতে আপনাকে সশরীরে কোথাও যেতে হবে না। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়ি বসেই এই কাজ করা সম্ভব। তবে এই প্রক্রিয়ার জন্য আপনার কাছে ভোটার আইডি কার্ড (EPIC Number) থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি বা মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হয়।
১. প্রথমে ভোটার সেবা পোর্টালে (voters.eci.gov.in)-এ লগ-ইন করুন।
২. হোমপেজে থাকা ‘Search in Electoral Roll’ বিকল্পটিতে ক্লিক করুন।
৩. এখানে একটি নতুন উইন্ডো খুলবে। আপনি আপনার নাম, বয়স, জেলা ও বিধানসভা ক্ষেত্র অথবা সরাসরি ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করতে পারেন।
৪. অনেক ক্ষেত্রে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়েও নাম যাচাই করা যায়।
৫. প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘Search’ বাটনে ক্লিক করলেই আপনার নির্বাচনী এলাকার তালিকাটি সামনে আসবে।
৬. তালিকার নিচে স্ক্রল করলে আপনার নাম, পার্ট নম্বর এবং নির্দিষ্ট ভোটকেন্দ্রের (Polling Station) বিশদ তথ্য় দেখতে পাওয়া যাবে।
অনলাইন পোর্টাল: যখন আপনি নিজের নাম খুঁজে পাবেন, সেই সার্চ রেজাল্টের নিচেই আপনার পার্ট নম্বর (Part Number) এবং ভোটকেন্দ্রের নাম (Polling Station Name) স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। এছাড়া পোর্টালে ‘Know Your Polling Station’ নামক লিঙ্কেও ক্লিক করতে পারেন।
ভোটার হেল্পলাইন অ্যাপ: আপনার স্মার্টফোনে ‘Voter Helpline App’ ডাউনলোড করে নিন। সেখানে ‘Personal Vault’ বা ‘Search’ অপশনে গিয়ে এপিক নম্বর দিলে আপনার ভোটকেন্দ্রের নাম ও ম্যাপ লোকেশন পর্যন্ত দেখা যাবে।
এবার বাংলায় দুই দফায় হতে চলেছে ভোট। প্রথম দফার বিধানসভা নির্বাচন রয়েছে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে।