
কলকাতা: রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করার বিষয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। অবসরপ্রাপ্ত এই আইপিএস-কে নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। এরই মধ্যে অবসরের পর তাঁকে প্রার্থী করার কথা ভেবেছেন তৃণমূল সুপ্রিমো, যা নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে। এবার আসরে হুমায়ুন কবীর। তাঁর দাবি, রাজীব কুমারকে তৃণমূলের প্রার্থী করার ফল পেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যসভায় অরাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠাচ্ছে, তাতে দলের কোনও লাভ হবে না বলেই মনে করেন হুমায়ুন। তাঁর দাবি, আদতে রাজ্যসভার প্রার্থী করে রাজীব কুমারকে পুরস্কার দেওয়া হল। এই প্রসঙ্গে সারদা-মামলার কথা মনে করিয়ে দিলেন হুমায়ুন।
জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, “সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল, তখন এই রাজীব কুমার কী কী কাজ করেছিলেন, তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বুঝতে পেরেছিলাম এবং দেখেছিলাম। রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম বড় ব্লান্ডার হতে চলেছে।” রাজনৈতিক দলের কর্মী তথা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কিছু মানুষকে উপঢৌকন দেওয়ায় আসলে রাজনৈতিক ব্লান্ডার হবে বলে মনে করেন হুমায়ুন।
আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন রাজীব কুমার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।”