
কলকাতা: পালবদলের পরই রাজ্যে শিল্প টানতে একের পর এক জনমুখী উদ্যোগ নিয়ে চলেছে বিজেপি সরকার। এ নিয়ে সাম্প্রতিক তৎপরতার মধ্যেই এল আরও এক বড় সুখবর। পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করে মেগা প্রকল্প আনতে চলেছে দেশের স্বনামধন্য দুগ্ধ উৎপাদক সংস্থা আমুল (Amul)। যদিও খবরটা শোনা গিয়েছিল আগেই। পদ্ম শিবির থেকে তা নিয়ে একের পর এক তথ্যও সামনে আসছিল। এ নিয়ে জল্পনার মাঝেই এবার নবান্নে আমুল গোষ্ঠীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিনিয়োগ সংক্রান্ত এই আলোচনা যে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তাও জানিয়েছে শুভেন্দু।
দিন কয়েক আগেই বাংলায় শিল্পের প্রসারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এরপরই আমুলের এই বিশাল বিনিয়োগের খবর প্রকাশ্যে আসে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে এই মেগা প্রকল্পের কথা তুলে ধরেন। যা নিয়ে সেই সময় বিস্তর চর্চাও হয়েছিল। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ফলে রাজ্যের শিল্প-কর্মসংস্থান ক্ষেত্রে যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
বৈঠকের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যনমন্ত্রী। আমুলের মতো বড় সংস্থার সম্প্রসারণ সামগ্রিকভাবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা পালন করবে বলেই মত শুভেন্দুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “নবান্নে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) এর সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়েন মেহতা মহোদয় এবং কায়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাস মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলাম। আগামীদিনে পশ্চিমবঙ্গে আমূলের মতো বৃহৎ, স্বনামধন্য সংস্থার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”