
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে তীব্র উত্তেজনা। এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ এসএফআই-র বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষের সংঘর্ষ হয় বলে খবর। আহত বেশ কয়েকজন এবিভিপির সমর্থক। তারা যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, আজ বুধবার এসএফআই ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলির তরফে জিবি মিটিং ডাকা হয়েছিল। এবিভিপির দাবি, বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই। সরকার ছাত্র ভোট নিয়েও কোনও নির্দেশ বা বিজ্ঞপ্তি দেয়নি। তাহলে বামপন্থী সংগঠন কীভাবে জিবি বৈঠক ডাকতে পারল?
এই মিটিংয়ের বিরোধিতা করে প্রতিবাদ জানাতেই এবিভিপি সমর্থকদের উপরে ৭০-৮০ জন চড়াও হয় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় চারজন এবিভিপির সমর্থক আহত হয়েছেন বলে খবর। তাদের বিশ্ববিদ্যালয় লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন এলাকার বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন। ছাত্রদের নিয়ে যাদবপুর থানায় যাচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, যাদবপুরকে উত্তপ্ত করার চেষ্টা করছে বামপন্থী সংগঠনগুলি। বাম নেতা সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন বিধায়িকা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপির সমর্থকরা।